সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক টানাপোড়েন এখন প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে অপপ্রচারের অভিযোগে বিএনপির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা পরে বিশেষ সাংগঠনিক বৈঠকের ডাক পর্যন্ত গড়ায়। এরই মধ্যে উপজেলা ও পৌর সম্মেলন দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্য এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে বিএনপির ব্যানারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ওই সংবাদ সম্মেলন আয়োজনের আগে উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতাকে অবহিত করা হয়নি বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এর কয়েকদিন পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশেষ সাংগঠনিক বৈঠকের আহ্বান জানানো হয়। বৈঠকের বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেনসহ কয়েকজন দায়িত্বশীল নেতাদের অবগত না করার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। দলীয় নেতাকর্মীদের একাংশ এটিকে সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি হিসেবে দেখলেও, অন্যরা এটিকে দলীয় অভ্যন্তরীণ বিষয়ে ভিন্নমতের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
এমন পরিস্থিতিতে রোববার (১৩ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত এক নির্দেশনায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের উদ্দেশে উপজেলা ও পৌর সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, অবশিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন অনতিবিলম্বে সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করতে হবে এবং তা জেলা বিএনপিকে অবহিত করতে হবে। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মতে, ধারাবাহিক এসব ঘটনা দিরাই বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়ের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। জেলা বিএনপির সর্বশেষ নির্দেশনা উপজেলা ও পৌর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
মুজাহিদ সর্দার তালহা 


















