সিলেটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর মির্জাজাঙ্গাল ও বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
পুলিশ জানায়, গত ১৮ জুন কোতোয়ালি মডেল থানায় করা একটি মামলায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকা থেকে নাইম উল ইসলাম নাইম ও জুনায়েদ আহমদকে গ্রেফতার করা হয়। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ চন্দ্র সরকারের তিন অনুসারীকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল বলেন, আমাদের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 


















