সুনামগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর সরকারি খাদ্য গুদামসংলগ্ন নদীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ইমন তালুকদার (২২), বিপ্লব সরকার (২১), অমৃত দাস (২২) এবং মো. মোহন (১৬)। ইমন, বিপ্লব ও অমৃতের বাড়ি দিরাই উপজেলার খাগাউড়া গ্রামে এবং মোহনের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা পাঁচটি স্মার্টফোন পরীক্ষা করে বিভিন্ন অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এসবের মধ্যে 1xBet, BK666, Jeetbuzz, GK222, 3333Betসহ একাধিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের আলামত পাওয়া যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
কালনী ভিউ ডেস্কঃ 















