চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- স্থানীয় মৃত রেবতি দাশগুপ্তের ছেলে স্বপন দাশগুপ্ত (৬৫) এবং তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রিমন দাশগুপ্ত (৪২) তাঁদের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ বলেন, ‘রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। কয়েকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। সকালে তারা মা, বাবা ও ছেলে বাইরে গিয়েছিল। সাড়ে ১১টার দিকে তারা বাড়িতে ফিরে আসে। এর কিছুক্ষণ পরই রিমন ছুরি জাতীয় একটি ধারালো বস্তু দিয়ে তার মাকে আঘাত করতে শুরু করে।’
তিনি আরও বলেন, ‘মাকে বাঁচাতে স্বপন দাশ এগিয়ে গেলে রিমন তাকেও আঘাত করে। এ সময় আমরা দ্রুত আশপাশের লোকজনকে ডাকতে ছুটে যাই। পরে ফিরে এসে দেখি, কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়।’
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশগুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরেকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কালনী ভিউ ডেস্কঃ 

















