সুনামগঞ্জের দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারে অবস্থিত বিবিয়ানা মডেল কলেজের পাঁচতলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সদস্য মো. আব্দুর রশীদ চৌধুরী, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাংবাদিক নেতা রুদ্র মিজান, কোরিয়া থেকে আগত অতিথি মি. তাইহুন জিয়ং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বিএনপির উপদেষ্টা এসএ আবু তাহের।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কলেজের সহকারী অধ্যাপক অনুপম চন্দ্র দাস মানপত্র পাঠ করেন। পরে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদার। বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সামছুল ইসলাম বাবুল ও সদস্য আবদুল মান্নান প্রমুখ। এর আগে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।
সম্বর্ধনার জবাবে সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বলেন, “কারা নাকি বলেছে আমি মারা গেছি। তারা মিথ্যা বলেছে। এ ধরনের মিথ্যা হতে পারে না।”
আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি অর্থ-সম্পদ চান না বরং গরিব ও অসহায় মানুষের কল্যাণে সরকারি সহায়তা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। অপপ্রচার ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে জনগণের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ 
















