হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার গাড়িবহরের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে হবিগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। এতে দলটির মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে এনসিপি নেতারা হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন।তিনি বলেন, এ হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকিয়ে ন্যক্কারজনক এই কাণ্ড ঘটিয়েছে। কেবল মাইক্রোবাস ভেঙেই ক্ষান্ত হয়নি তারা; মোবাইল এবং ক্যামেরাও নিয়ে গেছে। গাড়ি ভাঙচুরের একটা ভিডিও আমাদের কাছে এসেছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার বলেন, ‘আমরা খুবই ব্যস্ত, থানার সকল ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে, পরিস্থিতি পরে জানানো হবে।
জানা যায়, মঙ্গলবার হবিগঞ্জ শহরে ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত সমাবেশ-পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। এর জের হিসেবে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে।
হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।এব্যাপারে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, এনসিপি নেতাকর্মীদের উপর হামলার বিষয়টি শুনেছি, সামাজিক যোগাযোগে মাধ্যমে দেখেছি, তবে এর সাথে ছাত্রদল-যুবদলের কেউ জড়িত না।
কালনী ভিউ ডেস্কঃ 


















