নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্ট ২০২৫-২৬-এ দিরাই উপজেলার ছয়জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পান।
জাতীয় পর্যায়ের বালক ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চলের দলে ছিলেন, দিরাই উপজেলার দুই ফুটবলার পৌর সদরের চন্ডিপুর গ্রামের সাইফ আহমদ এবং ভরারগাঁও গ্রামের জিহাদ আহমদ।
রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল শিরোপা জয় করে। চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে সাইফ ও জিহাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
দিরাই উপজেলা থেকে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া অপর চার খেলোয়াড় হলেন, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের জাবের তালুকদার, যিনি দীর্ঘ লাফে অংশ নেন, চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারের মধুপুর গ্রামের রাহিমা আক্তার রিজমা, যিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ভরারগাঁও এলাকার তমা আক্তার পাপিয়া ও রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের মাইশা আক্তার আলিফা, যারা সিলেট অঞ্চলের বালিকা ফুটবল দলের সদস্য হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।
জানা গেছে, উপজেলার এই ছয় খেলোয়াড় প্রথমে উপজেলা পর্যায়ে অংশ নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দেন। পরে বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেন।
দিরাই উপজেলা থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে ছয়জন খেলোয়াড় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কোচ রাকিব আহমদ ভূঁইয়া। তিনি বলেন, দিরাইয়ের খেলোয়াড়দের এই অর্জন উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। তাদের এ সাফল্য ভবিষ্যতে আরও বেশি প্রতিভাবান খেলোয়াড়কে জাতীয় পর্যায়ে উঠে আসতে অনুপ্রাণিত করবে।
মুজাহিদ সর্দার তালহা 


















