সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুটি অভিযানে ৯ লিটার ভারতীয় মদ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে প্রথমে উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউশি গ্রামের পলাতক আসামি আব্দুল কাদিরের (৩৮) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের চৌকির নিচে রাখা দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২৪ বোতল ভারতীয় তৈরি এসি ব্ল্যাক ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আব্দুল কাদির পালিয়ে যান।
অপরদিকে ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে দিরাই শ্যামারচর সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ফুল মিয়া (৫০) ও মো. আক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফুল মিয়ার বাড়ি দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামে এবং আক্তার হোসেনের বাড়ি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও (দৌলতপুর) গ্রামে।
এ ঘটনায় দিরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অপরটি বিশেষ ক্ষমতা আইনে রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও একান্ত প্রয়োজন।
নিজস্ব প্রতিবেদকঃ 








