সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেবেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, দলের নাম ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির সুযোগ না পেয়ে একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে দিরাই থানা পয়েন্টে উপজেলা বিএনপি একাংশের উদ্যোগে আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে মহান মুক্তিযুদ্ধ করেছি।
নিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। এরপরও আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, যারা বলে আমি লাখ লাখ টাকা লুটপাট করছি, তারা আগে খোঁজ নিক-উপজেলায় আসলে কত টাকার বাজেট এসেছে। প্রকৃত তথ্য জেনে নিতে পারে।
দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেজু মিয়া, জালাল মিয়া, শামসুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, নুরুল হক তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রিনা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদকঃ 








