সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাঁর চার দিনের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছেন মেয়ে তানি দিপাবলি নেওয়াজ।
বুধবার বাবার লাশ ঢাকায় রেখে মুন্সীগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায় দিপাবলিকে। জানা গেছে, মায়ের প্যারোলে মুক্তি মিললেই আজ বিকেলে স্বামীর দাফন সম্পন্ন করা হবে।
দুপুর পৌনে ২টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন দিপাবলি। এর আগে দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে মায়ের সঙ্গে দেখা করেন তিনি। কারাফটক থেকে বের হয়েই তিনি দ্রুত গাড়িতে চেপে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চার দিনের জন্য এই প্যারোল আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, প্যারোলে মুক্তির ব্যাপারে জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কালনী ভিউ ডেস্কঃ 


















