সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌর সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য পংকজ দাস, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার ও জিলাল চৌধুরী, জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দিরাই উপজেলা যুবদলের সদস্যসচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল চৌধুরী, শিক্ষক মিফতাহ সরদার রুমী, লালবাসী দাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবেল চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হলো আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টি করা। এ অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না।
তিনি বলেন, সারা বছর মৌসুম অনুযায়ী বৃক্ষরোপণ করতে হবে। বন্ধু-বান্ধবসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বৃক্ষের চারা উপহার হিসেবে বিতরণ করতে হবে। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়, রোপণ করা প্রতিটি গাছ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেও নজর দিতে হবে।’
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়ন সৃষ্টিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদকঃ 

















